

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এ কে এম শামীম ওসমান মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। রোগটি বর্তমানে চতুর্থ ধাপে (ফোর্থ স্টেজ) পৌঁছেছে বলে নিজেই জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে যুক্ত হয়ে নিজের এই গুরুতর শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করেন বর্তমানে বিদেশে পলাতক থাকা এই রাজনীতিক।
নিজের শারীরিক অবস্থা প্রসঙ্গে শামীম ওসমান বলেন, তিনি ক্যানসারে আক্রান্ত এবং চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী এটি চতুর্থ স্টেজে রয়েছে। আর কত দিন বাঁচবেন তা নিশ্চিত নন, তবে সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তিনি সুস্থ হয়ে বেঁচে থাকার আশা করছেন। তাঁর অসুস্থতার খবর শুনে কেউ যেন আনন্দিত না হন, সে আহ্বানও জানান তিনি।
টকশোতে ব্যক্তিগত অসুস্থতার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। তাঁর দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাঁর নিজের অসুস্থতার চেয়েও বেশি উদ্বেগজনক। এ সময় দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, নির্যাতন এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর হামলার অভিযোগ তোলেন তিনি।
দলের অভ্যন্তরীণ দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শামীম ওসমান বলেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী অবস্থানে ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি এবং পকেট কমিটির কারণে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। বিভাজনের এই রাজনীতি থেকে বেরিয়ে আসা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন শামীম ওসমান। তিনি বলেন, সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে ফেরার দৃশ্য দেখে তিনি কৃতজ্ঞ থাকবেন; আর তা দেখে যেতে না পারলে সেই আফসোস তাঁর রয়েই যাবে।
প্রকাশক: শেখ মোঃ মুনায়েম || সম্পাদক: সিকদার আঃ রহমান (রাকিব) || প্রধান কার্যালয়: ৩৭/২, ফায়েনাজ টাওয়ার (লিফট ১০), বক্স কালভার্ট রোড। পুরানা পল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : +8801926108468 || মেইল: smmnews24.online@gmail.com
Copyright © 2026 SMM NEWS 24 Bangla News Portal, Breaking News, Bd News .... All rights reserved.