

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশে এক ধাক্কায় প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে প্রায় ১১ হাজার টাকা। দামের এই বড় পতনের পর এখন বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতাদের মনে একটাই প্রশ্ন—স্বর্ণের দরপতন কি এখানেই থামবে, নাকি আরও নিচে নামবে?
বিশ্লেষক ও বাজারসংশ্লিষ্টদের মতে, স্বর্ণের দাম থিতু হওয়ার আগে আরও কমতে পারে। যুক্তরাষ্ট্রে সুদের হার নিয়ে শঙ্কা, বাধ্য হয়ে সম্পদ বিক্রি এবং দাম কমার আশায় নেওয়া বিনিয়োগ কৌশলের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ওপর তীব্র চাপ তৈরি হয়েছে। এর ফলে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু।
গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৩ হাজার ৫২৫ দশমিক ২৫ ডলারে নেমে আসে, যা গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। পুরো সপ্তাহজুড়ে দরপতন দাঁড়িয়েছে প্রায় ৯ দশমিক ২ শতাংশে। অথচ চলতি বছরের জানুয়ারিতেই স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫১৫ ডলারে উঠেছিল।
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা বিশ্ববাজারে স্বর্ণের প্রতি আকর্ষণ কমিয়ে দিয়েছে। পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টনের মতে, স্বর্ণের বাজার এখন সামষ্টিক অর্থনৈতিক প্রতিকূলতা ও বাধ্য হয়ে সম্পদ বিক্রির জটিল সংকটে পড়েছে।
ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি ডলারকে শক্তিশালী করেছে এবং ট্রেজারি বন্ডের মুনাফার হার বাড়িয়ে দিয়েছে। যেহেতু স্বর্ণ থেকে সরাসরি কোনো সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না, তাই অন্য সম্পদে মুনাফা বাড়লে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের চাহিদা কমে যায়।
এদিকে বিশ্বজুড়ে শেয়ারবাজারে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের কোম্পানিগুলোর শেয়ারে দরপতন চলছে। নগদ অর্থের প্রয়োজনে বিনিয়োগকারীরা স্বর্ণসহ বিভিন্ন সম্পদ বিক্রি করে দিচ্ছেন, যা স্বর্ণের পতনের গতিকে আরও বাড়িয়ে দিচ্ছে।
সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের চিফ ইনভেস্টমেন্ট অফিসার বিজয় ভালেচা জানান, শুক্রবারের দরপতন মূলত একাধিক নেতিবাচক চাপের সম্মিলিত ফল। এআই সংশ্লিষ্ট শেয়ারে বিক্রির চাপে বিনিয়োগকারীরা নগদ অর্থ তুলে নিচ্ছেন এবং প্রবণতা অনুসরণকারী তহবিলগুলো স্বর্ণের ক্ষেত্রে শর্ট পজিশন বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি ইটিএফ বিনিয়োগকারীরাও পুরোপুরি সরে না আসায় ভবিষ্যতে আরও বিক্রির চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ৫২৫ ডলারের আশপাশে লেনদেন হচ্ছে। বাজারের নজর এখন মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ৩ হাজার ৫০০ ডলারের স্তরটির ওপর। ক্রিস ওয়েস্টন মনে করেন, দাম এই সীমার নিচে নেমে গেলে তা ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৩০০ ডলারে গড়াতে পারে, যেখানে দীর্ঘমেয়াদি ক্রেতারা আবার আগ্রহী হতে পারেন। অন্যদিকে নাগা ডটকমের বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবামের আশঙ্কা, ৩ হাজার ৫০০ ডলারের নিচে দাম দীর্ঘ সময় স্থায়ী হলে স্বর্ণ আরও কমে ৩ হাজার ২০০ ডলারে নেমে আসতে পারে।
প্রকাশক: শেখ মোঃ মুনায়েম || সম্পাদক: সিকদার আঃ রহমান (রাকিব) || প্রধান কার্যালয়: ৩৭/২, ফায়েনাজ টাওয়ার (লিফট ১০), বক্স কালভার্ট রোড। পুরানা পল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : +8801926108468 || মেইল: smmnews24.online@gmail.com
Copyright © 2026 SMM NEWS 24 Bangla News Portal, Breaking News, Bd News .... All rights reserved.