

সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা কার্যকরের ঘোষণাও দেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।
বক্তব্যের শুরুতেই কিছুটা আবেগাপ্লুত হয়ে তারেক রহমান বলেন, এই অনুষ্ঠানে এসে তিনি স্মৃতিকাতর হয়ে পড়েছেন। প্রয়াত বেগম খালেদা জিয়া তাঁর জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানই ছিল এখানে তাঁর সবশেষ অংশগ্রহণ।
আরও পড়ুন:
সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা বাহিনীর জন্য এক অনন্য ইতিহাস। বাংলাদেশের সাহস ও শৌর্যের প্রতীক হিসেবে সশস্ত্র বাহিনীর অবদান অসাধারণ।
বিগত সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে বাংলাদেশের স্বাধীনতা ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার নানা অপচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণ-অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।
গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ ও উজ্জীবিত থাকলে কেউ আর বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না বলে মন্তব্য করেন সরকারপ্রধান। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রেখে দেশকে একটি নিরাপদ ও কল্যাণরাষ্ট্রে পরিণত করতে হবে।
বাহিনীর ভবিষ্যৎ রূপরেখা ও পেশাদারিত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে সরকার কাজ করছে। বাহিনীর ভেতরে ‘চেইন অব কমান্ড’ পুরোপুরি বজায় রাখা হবে। এরই অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।
এ ছাড়া দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, পাহাড় থেকে সমতল—দেশের যেকোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনী সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আস্থার প্রতিদান দিয়েছে।
প্রকাশক: শেখ মোঃ মুনায়েম || সম্পাদক: সিকদার আঃ রহমান (রাকিব) || প্রধান কার্যালয়: ৩৭/২, ফায়েনাজ টাওয়ার (লিফট ১০), বক্স কালভার্ট রোড। পুরানা পল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : +8801926108468 || মেইল: smmnews24.online@gmail.com
Copyright © 2026 SMM NEWS 24 Bangla News Portal, Breaking News, Bd News .... All rights reserved.