দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার—এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও বিকাশে এসএমই খাতের কোনো বিকল্প নেই। তাই এ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার ২৫ লাখ কর্মসংস্থান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন, বছরের পর বছর চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হয়ে নিজেকে চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে। এ ছাড়া এসএমই নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং তা শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে দেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আটটি ভিন্ন ক্যাটাগরিতে আটজন সফল উদ্যোক্তার হাতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার’ তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্ত ক্যাটাগরিগুলো হলো বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলায় সারা দেশের ৪৫০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এবং বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা তাঁদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।