

গঙ্গা ও পদ্মার পানিপ্রবাহ পরিমাপ, পর্যবেক্ষণ ও তথ্য বিনিময়ের লক্ষ্যে আজ ঢাকায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)। তবে আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চললেও চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়নি। ভবিষ্যতে চুক্তি নবায়ন হলে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা ও প্রাপ্যতা নিশ্চিত করতে ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করার ওপর জোর দিচ্ছে ঢাকা।
রোববার (২২ নভেম্বর) ঢাকায় দুই দেশের যৌথ নদী কমিশনের কারিগরি পর্যায়ের এই বৈঠক শুরু হচ্ছে, যা আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মার পানিপ্রবাহ পরিমাপ, পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিনিময় করবেন। এর অংশ হিসেবে পাবনার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় গঙ্গার পানিপ্রবাহ পর্যবেক্ষণ ও পরিমাপের কথা রয়েছে।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এর আগে ১৯৭৭ সালে দুই দেশের মধ্যে প্রথম গঙ্গা পানি বণ্টন চুক্তি হয়, যেখানে শুকনো মৌসুমে বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তাসংক্রান্ত বিধান ছিল।
১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী, শুকনো মৌসুমে ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত প্রতি ১০ দিন পরপর দুই দেশের ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার কথা রয়েছে। তবে উজানে পানি প্রত্যাহার এবং গঙ্গার ওপর নির্মিত বিভিন্ন বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাবে শুকনো মৌসুমে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মার পানিপ্রবাহ কমে যায়। সংশ্লিষ্ট প্রতিবেদনে গঙ্গার ওপর ভারতের নির্মিত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়েছে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে দুই দেশের মধ্যকার রাজনৈতিক দূরত্ব চুক্তি নবায়ন বা নতুন চুক্তির আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফ দেওয়ানের মতে, আগামী দুই বছরেও কোনো চুক্তি না হলে তার নেতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরই বেশি পড়বে। পর্যাপ্ত পানিপ্রবাহ না থাকলে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগও কার্যকর হবে না বলে মন্তব্য করেন তিনি। জাতীয় স্বার্থ মাথায় রেখে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে সরকারের প্রতি আহ্বান জানান এই বিশেষজ্ঞ।
যৌথ নদী কমিশনের সদস্য আনোয়ার কাদির জানান, গঙ্গা পানি বণ্টনসংক্রান্ত নিয়মিত কার্যক্রমের আওতায় তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়, যার তৃতীয়টি গত রোববার সম্পন্ন হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন নিয়ে কোনো অগ্রগতি হবে কি না—এ প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানি বণ্টনসংক্রান্ত তথ্য বিনিময়ের সর্বশেষ বৈঠক হয়েছিল। ১৯৯৬ সালের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ঢাকায় আজকের বৈঠকটিই এ পর্যায়ের শেষ বৈঠক।
প্রকাশক: শেখ মোঃ মুনায়েম || সম্পাদক: সিকদার আঃ রহমান (রাকিব) || প্রধান কার্যালয়: ৩৭/২, ফায়েনাজ টাওয়ার (লিফট ১০), বক্স কালভার্ট রোড। পুরানা পল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : +8801926108468 || মেইল: smmnews24.online@gmail.com
Copyright © 2026 SMM NEWS 24 Bangla News Portal, Breaking News, Bd News .... All rights reserved.