

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য সফর শেষে আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে দেশে ফিরছেন। দেশে ফেরার পরপরই বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সামনে জরুরি সংবাদ সম্মেলন করবেন তিনি।
দলীয় সূত্রে জানানো হয়েছে, বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলার পার্কিং প্রান্তে এই সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার জন্য সাংবাদিকদের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, জাতীয় ঐক্যের লক্ষ্যে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা ও তাণ্ডবের পরিপ্রেক্ষিতে সরকারপ্রধানের দেওয়া জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়েছে এনসিপি। এর অংশ হিসেবে আগামীকাল দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবে দলটির চার সদস্যের একটি প্রতিনিধিদল, যার নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানায়, নাহিদ ইসলাম দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে প্রতিনিধিদলের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ কার্যক্রম শুরু হচ্ছে এবং পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী।
প্রকাশক: শেখ মোঃ মুনায়েম || সম্পাদক: সিকদার আঃ রহমান (রাকিব) || প্রধান কার্যালয়: ৩৭/২, ফায়েনাজ টাওয়ার (লিফট ১০), বক্স কালভার্ট রোড। পুরানা পল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : +8801926108468 || মেইল: smmnews24.online@gmail.com
Copyright © 2026 SMM NEWS 24 Bangla News Portal, Breaking News, Bd News .... All rights reserved.