
থাইল্যান্ডে নিয়মিত বা বারবার চিকিৎসার প্রয়োজন হয় এমন বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি (একাধিকবার প্রবেশের) ভিসা দেওয়ার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জবাবে প্রয়োজনীয় রোগীদের ক্ষেত্রে এ ধরনের ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছে থাইল্যান্ড।
রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী এই অনুরোধ জানান।
বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়সহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আগামী ২০২৭ সালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর আয়োজনের গুরুত্ব তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ এবং আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারত্বে বাংলাদেশের যুক্ত হওয়ার আকাঙ্ক্ষায় থাইল্যান্ডের জোরালো সমর্থন চান তিনি। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে থাইল্যান্ডের সক্রিয় সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।
মন্তব্য করুন