
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক অংশীদারত্ব আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সামরিক যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি একটি অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো-প্যাসিফিক) অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে চায় দেশটি।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড এই আগ্রহের কথা জানিয়েছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিশিয়াল পেজ থেকেও বার্তাটি প্রচার করা হয়।
সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানিয়ে দেওয়া ওই বার্তায় ২০২৬ সালজুড়ে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার ক্রমবর্ধমান যোগাযোগ ও সহযোগিতার চিত্র তুলে ধরা হয়। এ ক্ষেত্রে দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের পারস্পরিক সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’-কে দ্বিপক্ষীয় সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড।
বার্তায় বলা হয়, এসব গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কার্যক্রমের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি সুদৃঢ় হয়েছে। এর ফলে দুই বাহিনীর মধ্যে বোঝাপড়া বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার প্রতি উভয় দেশের অভিন্ন অঙ্গীকার আরও শক্তিশালী হয়েছে।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারত্বকে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ‘জনগণ, অংশীদারত্ব ও বিজয়’—এই মূলমন্ত্র দিয়ে শুভেচ্ছা বার্তাটি শেষ করেছে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড।
মন্তব্য করুন