ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান সাদিক কায়েম।
পোস্টে তিনি লেখেন, রোববার রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা ছিলেন। তাঁর অভিযোগ, দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়ি জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তা নিভিয়ে ফেলা সম্ভব হয়, ফলে তাঁর বাবা-মা বড় বিপদ থেকে রক্ষা পান।
সাদিক কায়েম আরও উল্লেখ করেন, রাতের আঁধারে পেট্রোলবোমা ও অগ্নিসন্ত্রাসের মতো হামলা চালিয়ে ভীতি সঞ্চারের মাধ্যমে কেউ রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করলে তা সফল হবে না। এসব ঘটনা তাঁদের দমাতে পারবে না বরং সংগ্রামকে আরও শক্তিশালী করবে বলে দাবি করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাকসু ভিপি।