
শুধু আওয়ামী লীগ ঠেকানোর কথা বলে ডিসেম্বরে জাতীয় ঐক্যের ডাক দিয়ে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে বর্তমান একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদের’ শপথ গ্রহণের শর্ত দিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বিলুপ্ত করতে হবে এবং এর পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ নিশ্চিত করতে হবে। তাঁর মতে, এমন পদক্ষেপ নেওয়া হলে জনগণ বুঝতে পারবে যে সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায় এবং এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, জাতীয় ঐক্যের অবশ্যই একটি সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেগুলোর জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এমন কিছু দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে ঐক্য প্রক্রিয়া শুরু হওয়া উচিত, যাতে সবাই আশ্বস্ত হতে পারে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে বলেও জানান তিনি।
দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, দেশে এখন এক সংকটকাল চলছে এবং সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে অবশ্যই সাড়া দেবে। প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে চান, তা তাঁরা শুনতে আগ্রহী।
সবশেষে নাহিদ ইসলাম জানান, গণভোটের গণরায় অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়নসহ মৌলিক জাতীয় ইস্যুগুলোতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হলেই কেবল কার্যকর জাতীয় ঐক্য সম্ভব।
মন্তব্য করুন