
দুর্নীতিমুক্ত দেশ গড়তে বর্তমান দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিজ্ঞাবদ্ধ এবং বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। তিনি বলেন, কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে দুদককে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করা হচ্ছে এবং বর্তমান কমিশন কথায় নয়, কাজে বিশ্বাসী।
রোববার (২২ নভেম্বর) দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান জানান, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে; যার মধ্যে প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে ইনভয়েস ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে। বড় ধরনের দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যা খুব বেশি নয়। বর্তমান কমিশন বড় দুর্নীতির অনুসন্ধান, মামলা ও তদন্তের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে এবং দুদককে একটি আশাজাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অপর বিশেষ অতিথি কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, ব্যক্তিগত দুর্নীতির চেয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে বেশি দুর্বল করে দিয়েছে। দেশে প্রায় ৯৫ শতাংশ মানি লন্ডারিং ক্লিয়ারিং হাউজের মাধ্যমে হয়ে থাকে এবং এসব অর্থ করপোরেট হাউজ ও ব্যাংকের মাধ্যমে পাচার হয়। কর্মকর্তাদের নিজেরা দুর্নীতিমুক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান কমিশন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
কমিশনের সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দুদকের সব মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালক অংশ নেন। সভাপতির বক্তব্যে দুদক সচিব জানান, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যে সংস্থাটির নতুন অর্গানোগ্রাম তৈরি করেছে। পাশাপাশি ১ হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি, নতুন গ্রেডেশন তালিকা প্রণয়ন এবং কর্মকর্তাদের জন্য দেশে-বিদেশে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, যা দুদকের অনুসন্ধান, তদন্ত ও দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের মান বহুগুণে বাড়িয়ে দেবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক এবং ঢাকা-১ কার্যালয়ের পরিচালক মো. আতিকুল আলম। অনুষ্ঠানের শুরুতে কমিশনারদ্বয় ও সচিবকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দুদক চেয়ারম্যান।
No tags found for this post.
মন্তব্য করুন