
নির্বাচনে ভোট এক জায়গায় পড়লেও জনপ্রতিনিধি অন্য জায়গায় নির্বাচিত হয়েছেন—এমন অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, ‘সব দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার।’
শনিবার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রবাসীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে প্রবাসীদের অনেকের মধ্যেই ক্ষোভ বিরাজ করছে। ভোট এক জায়গায় দিলেও ফলাফল অন্য জায়গায় গেছে বলে দাবি করেন তিনি। ট্রেন, বাস ও লঞ্চসহ বিভিন্ন স্থানে ‘দাঁড়িপাল্লা’ স্লোগান শোনা গেলেও অন্যরা কীভাবে ক্ষমতায় গেলেন, সেই প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, ‘আপনারা জানেন, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় গেছে। সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রসঙ্গ টেনে তিনি জানান, কোনো দল বা ব্যক্তি তাঁদের শত্রু নন; তবে কেউ দেশের বিরুদ্ধে অপকর্ম করলে তাঁরা তার বিরোধিতা করবেন এবং এ বিষয়ে কোনো আপস করবেন না।
শফিকুর রহমানের মতে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে প্রধানমন্ত্রীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একজন শাসকের মর্যাদা তাঁর আশপাশের সহযোগী ও সহযোদ্ধাদের কর্মকাণ্ডের ওপরও নির্ভর করে উল্লেখ করে তিনি দেশে-বিদেশে থাকা যোগ্য ব্যক্তিদের নিয়ে একটি দক্ষ দল গঠনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী যোগ্য ব্যক্তিদের নিয়ে দল সাজাতে পারলে দেশকে ভালো কিছু দিতে পারবেন এবং এতে ১৭ কোটি মানুষের একজন হিসেবে তিনি নিজেও উপকৃত হবেন বলে মন্তব্য করেন।
বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াত আমির আরও বলেন, দুর্নীতির ঊর্ধ্বে থাকা জরুরি। সংসদে মাদক নিয়ন্ত্রণ বিল পাসের সমালোচনা করে তিনি বলেন, তাঁরা মাদক নিয়ন্ত্রণ নয়, বরং নির্মূল চান। আগে যারা মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল, তাদের জায়গায় এখন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের কেউ কেউ জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেন তিনি। এসব বিষয় দেখভালের দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর হলেও তিনি তা সামাল দিতে পারছেন না বলে দাবি করেন শফিকুর রহমান।
সংসদে মন্ত্রীদের বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই দাবি করে তিনি বলেন, সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়েও ভালো অবস্থানে রয়েছে, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় মানুষ হাসাহাসি করে।
বক্তব্যে বিএনপির অতীত রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, তাঁরাও সাড়ে ১৫ বছর নির্যাতিত ছিলেন এবং সে সময় তাঁদের অনেক নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো নেতারা এখনো ফিরে আসেননি, যদিও আরমান ফিরে এসেছেন বলে উল্লেখ করেন তিনি। বিএনপি নেতাদের উদ্দেশে নিজের দলের নির্যাতিত ও নিখোঁজ সহকর্মীদের প্রতি সম্মান দেখানো এবং অতীতের অবস্থানে ফিরে আসার আহ্বান জানান শফিকুর রহমান।
মন্তব্য করুন