
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের হাতে ‘শত শত পুলিশ সদস্য নিহত’ এবং ‘এক গর্ভবতী নারী পুলিশ সদস্যকে হত্যা’ করার মতো দুটি দাবি আবারও প্রকাশ্যে এনেছেন বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তবে দেশি-বিদেশি গণমাধ্যম, স্বাধীন ফ্যাক্টচেকিং সংস্থা এবং সরকারি দাপ্তরিক নথিপত্রে এই দুটি দাবিই আগেই অসত্য ও বিভ্রান্তিকর হিসেবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’।
দ্য ডিসেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ নভেম্বর সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ‘মানচিত্র’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত ২৯ মিনিটের একটি ভিডিওতে ফজলুর রহমানকে এমন বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটির ৫ মিনিট ১৭ সেকেন্ড থেকে তিনি জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, শাহজাদপুরে পুলিশ হত্যা ও গর্ভবতী নারীকে মারার ঘটনা ঘটেছে এবং শত শত পুলিশ নিশ্চিতভাবে নিহত হয়েছেন। পাশাপাশি থানা পোড়ানো ও পুলিশ হত্যার উদাহরণ টেনে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। দ্য ডিসেন্ট জানিয়েছে, এর আগে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর ‘দ্য ন্যাশনাল জার্নাল’ নামের একটি ইউটিউব চ্যানেলেও তিনি একই ধরনের দাবি করেছিলেন।
নিহত পুলিশের প্রকৃত সংখ্যা কত পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সারা দেশে নিহত পুলিশ সদস্যের সংখ্যা ৪৪ জন। ২০২৪ সালের ১৮ আগস্ট পুলিশ সদর দপ্তর প্রথম এই তালিকা প্রকাশ করে এবং পরবর্তীতে ২৫ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিহত সদস্যদের নাম, পদবি ও কর্মস্থলসহ তালিকাটি পুনরায় প্রকাশ করা হয়। সে সময় পুলিশ সদর দপ্তর স্পষ্ট জানিয়েছিল, নিহতের সংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং প্রকাশিত তালিকার বাইরে কারও মৃত্যুর প্রমাণ থাকলে তা সরবরাহ করার আহ্বান জানানো হয়েছিল।
দ্য ডিসেন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এর আগে ২০২৪ সালের ১৪ অক্টোবর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ৫ আগস্ট পরবর্তী ৭২ ঘণ্টায় হাজারো পুলিশ সদস্যকে হত্যার দাবি করা হয়েছিল। তবে রিউমর স্ক্যানার, ফ্যাক্টওয়াচ ও দ্য ডিসেন্টসহ একাধিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান যাচাই করে দাবিগুলোকে ভিত্তিহীন বলে চিহ্নিত করে।
গর্ভবতী নারী পুলিশ হত্যার গুজবের নেপথ্যে জুলাই আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলার ঘটনায় নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী পুলিশ সদস্য ছিলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়। তবে অনুসন্ধান ও ফ্যাক্টচেকিংয়ে দেখা গেছে, ওই হামলায় নিহত ১৫ জন পুলিশ সদস্যের তালিকায় কোনো নারী ছিলেন না। সে সময় নারী পুলিশ সদস্য ‘পৃথিবী চাকমা’র ছবি ব্যবহার করে তাঁকে নিহত গর্ভবতী পুলিশ সদস্য হিসেবে প্রচার করা হলেও প্রকৃতপক্ষে তিনি জীবিত এবং ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন।
পরবর্তীতে বিবিসি বাংলার এক ভিডিও প্রতিবেদনে এনায়েতপুর থানায় হামলার শিকার ও বেঁচে ফেরা এক নারী পুলিশ কনস্টেবলের বক্তব্য উঠে আসে। তিনি জানান, হামলার সময় তাঁকে বাঁচাতে এক সহকর্মী ও কয়েকজন স্থানীয় তরুণ হামলাকারীদের বলেছিলেন যে তাঁর পেটে বাচ্চা আছে। মারধরের একপর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর হাসপাতালে নেওয়া হলে অনেকে তাঁকে মৃত ভেবেছিলেন, যেখান থেকে গুজবটির সূত্রপাত হয়। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ছবি ব্যবহার করেও এই গুজব ছড়ানো হয়।
পুরোনো বিতর্ক দ্য ডিসেন্টের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ হত্যার সংখ্যা নিয়ে এর আগেও বিভিন্ন মহলে দুই থেকে সাড়ে তিন হাজার নিহত বা নিখোঁজের ভিত্তিহীন দাবি প্রচারিত হয়েছে। অন্যদিকে, সংসদ সদস্য ফজলুর রহমানের বিরুদ্ধে আগেও তথ্যগত বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। গত ২৮ এপ্রিল জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেছিলেন যে, ৫ আগস্টের পর শিল্পকলা একাডেমিতে কোনো নাটক, গান বা লালনগীতি হতে পারেনি। যদিও ফ্যাক্টচেকিং প্রতিবেদনে প্রমাণিত হয়, ওই সময়ে শিল্পকলায় নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং লালনের তিরোধান দিবস প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়েছে।
মন্তব্য করুন