
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিজিবির সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। ওই সব জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে নিরাপত্তা ও টহল জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।
মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তির সাহায্যে সার্বক্ষণিক তদারকি চালানো হচ্ছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও চিত্র (লাইভ ফুটেজ) নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং স্বাভাবিক জীবনযাত্রা ও চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
No tags found for this post.
মন্তব্য করুন