
রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিংয়ে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে একটি বাসায় ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে একদল ব্যক্তি ওই ভবনে গিয়ে প্রথমে দরজা খুলতে চাপ দেয়। পরে ভবনের প্রধান ফটক ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, ৫ আগস্টের পর ভবনটি দখলে নেওয়া হলেও গত মার্চে আদালতের নির্দেশে তারা ভবনের মালিকানা বুঝে পান। এরপর প্রায় আট মাস ধরে সেখানে বসবাস করছেন তারা।
ভবনের মালিকের ভাগ্নে ফাহাদ হোসেন জানান, হামলাকারীরা প্রথমে গেট খুলতে বলে। তিনি রাজি না হলে সেখানে বসবাসের জন্য টাকা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা গেট ভেঙে ফেলার হুমকি দেয় এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গেটে আঘাত করতে শুরু করে।
ফাহাদের ভাষ্য অনুযায়ী, হামলা শুরু হওয়ার পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। সেখান থেকে কলটি আদাবর থানায় সংযুক্ত করা হয়। তার দাবি, সকাল ৬টা ৪৩ মিনিটে ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় তিন ঘণ্টা পর, সকাল ৯টা ৪৩ মিনিটে।
ঘটনার পর ওই এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। হামলায় জড়িত থাকার সন্দেহে কালামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির ডিসি (মিডিয়া) আকতার হোসেন বলেন, ভবন দখলকে কেন্দ্র করে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। এসব ঘটনার পেছনে কারা রয়েছে, মূল ঘটনা কী এবং এর সঙ্গে কোনো প্রভাবশালী শক্তির সংশ্লিষ্টতা আছে কি না—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত চলছে।
তবে হামলায় সরাসরি অংশ নেওয়া আরও তিনজন এখনো গ্রেপ্তার হয়নি। তাদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
No tags found for this post.
মন্তব্য করুন