
দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-১-এর বিমানবন্দর–কমলাপুর রুটে চারটি স্টেশনের ইউটিলিটি স্থানান্তরের কাজ চলতি অক্টোবর মাসেই শুরু হচ্ছে। চুক্তি প্যাকেজ-৩-এর আওতায় কমলাপুর, রাজারবাগ, মালিবাগ ও রামপুরা স্টেশনে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
বুধবার (১৪ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-১ প্রকল্পের পরিচালক মো. সারওয়ার উদ্দিন খান।
তিনি জানান, চুক্তি প্যাকেজ-৪-এর আওতায় নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনের ইউটিলিটি স্থানান্তরের কাজও এগিয়ে চলছে। এসব স্টেশনের মধ্যে উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগরে ২০২৫ সালের ২০ জানুয়ারি এ কাজ শুরু হয়।
প্রকল্প পরিচালক আরও জানান, চুক্তি প্যাকেজ-৬-এর আওতায় বিমানবন্দর, টার্মিনাল-৩ ও খিলক্ষেত স্টেশন এবং প্যাকেজ-৫-এর আওতায় নর্দা স্টেশনের ইউটিলিটি স্থানান্তরের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এমআরটি লাইন-১-এর নির্মাণকাজ ১২টি চুক্তি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। স্টেশনগুলোর আশপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন ইউটিলিটি লাইন ও সেবা স্থানান্তর করে একটি সমন্বিত ‘ইউটিলিটি কমন করিডোরে’ নেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
নির্মাণকাজ চলাকালে যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। বাকি স্টেশনগুলোর ইউটিলিটি স্থানান্তরও মূল প্রকল্পের সংশ্লিষ্ট প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এমআরটি লাইন-১ প্রকল্পে দুটি সংযুক্ত রুট রয়েছে। এর মধ্যে ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর রুটটি পুরোপুরি ভূগর্ভস্থ। এ রুটে ১২টি স্টেশন থাকবে, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে যুক্ত করবে।
অন্যদিকে, ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার দীর্ঘ পূর্বাচল রুটে থাকবে সাতটি উড়াল ও দুটি ভূগর্ভস্থ স্টেশন। এ রুট নতুনবাজার থেকে পূর্বাচল পর্যন্ত যোগাযোগ স্থাপন করবে।
প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে। এ ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন জমি অন্তর্ভুক্ত রয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এমআরটি লাইন-১ এবং ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ (উত্তর) প্রকল্পের সংশোধিত বাজেট অনুমোদন করে। প্রকল্প দুটিতে অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।
প্রকল্প কর্তৃপক্ষের প্রাথমিক লক্ষ্য ছিল ২০২৭ সালের মার্চের মধ্যে কাজ শেষ করা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তার ইঙ্গিত অনুযায়ী, কিছু কার্যক্রম আগামী বছরের অক্টোবর বা নভেম্বর পর্যন্ত গড়াতে পারে।
এমআরটি লাইন-১ চালু হলে রাজধানী ও আশপাশের এলাকার গণপরিবহনব্যবস্থায় গতি আসবে, যানজট কমাতে সহায়তা করবে এবং নগর পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
No tags found for this post.
মন্তব্য করুন